১৪ মে, ২০১৩

কবিতা - প্রিয় চক্রবর্তী

0 কমেন্টস্
একটি কবিতা কোলাজ ও নবাঙ্কুর
প্রিয় চক্রবর্তী


সকাল জুড়ে সাদা মেঘের ওড়না,
রোদ ভেঙে যাচ্ছে একের পর এক,
রাঙামাটির সকালে মেঘবালিকার হাওয়া চড়কি।
ঘাসের ফাঁকে বৈশাখী ঘুম,
হিংসুটি চীলের অবাধ্য ছায়া,
ধু-ধু মাঠের সামিয়ানায় বেপড়োয়া ইচ্ছের দাপাদাপি।

কবিতায় নিজের কথা লিখবো বলে
কলম নিয়ে ডায়েরীকে সাজাতে বসেছিলাম,
পেরিয়ে আরব সাগর, সাহারা
বুঝলাম বাড়মুডা ট্রায়াঙ্গেলের থেকেও রহস্যময় আমি।

কবিতাটা ঠিক কবিতা হলেও
তা আমার জন্য ছিলনা,
হয়তো তোমার অথবা কারোর।

শহরের মাঝরাতে দুটো অনুকরনের চোখ,
একটা সম্পর্কের পশ্চিমি জেরক্স,
দামি সিগারেট ধোঁয়ায় একটা অবুঝ পোর্ট্রেটের
দাম্ভিক হাসি।

কবিতা তুমি আমায় এখানেই থামাতে পারতে,
কিন্তু থামাতে পারোনি আমায়
অথবা থামতে পারিনি আমি।

আমি সভ্যতার হাজার বছরের ঘুম,
ঘুমিয়ে আছি সমুদ্র বা বালির কোলে।
আমি পরাজিত সৃষ্টি,
আমি নিপিড়ীত কৃষ্টি,
আমি অহিংসার বাইশের লাশ,
আমি ছিন্নভিন্ন সর্বনাশের গ্রাস।

আমি নবাঙ্কুর হতে চেয়েছিলাম,
হতে চেয়েছিলাম শতাব্দীর প্রথম ভোর,
হতে চেয়েছিলাম দুঃখ চোর।

অবশেষে ধরা পড়েছি সাদা-পালক চুরীর অপরাধে।

কবিতা - রাহুল রায়চৌধুরী

1 কমেন্টস্
বৈশাখে প্রথম
রাহুল রায়চৌধুরী


(১)

বৈশাখের প্রথম বৃষ্টিতে উল্টোডাঙা আজ ভিজে চৈচুপ্পুস
কার্নিশ নিংড়ে অবিরল স্রোতের বিষণ্ণ বাঁচতে চাওয়া
পরতে পরতে ধুয়ে সাফ জীর্ণ অভিমান,
এঁটো শালপাতা স্তূপ জায়মান নরক ; ব্যভিচারী প্রত্যাশা ।
আঙুলের অস্থির ছোঁয়ায় ডগমগ অ্যানড্রয়েড ব্যস্ততা
সার্চ ইঞ্জিনে অত্যাধুনিক তথ্যানুসন্ধান মুহূর্তে ; পেজ নট ফাউন্ড ।
বৈশাখের প্রথম বৃষ্টিতে সম্ভাবনা আজ কল্পনাবিলাস ;
আনন্দঘন স্ত্রীত্ব রুক্ষ বাস্তবে ।


(২)

বৈশাখের প্রথম কালবৈশাখী, উত্তাল, উন্মত্ত
কিছুবা এলোমেলো উপোসী সব চাওয়ারা আজ ;
উড়ন্ত পর্দায় সোহাগী প্রণয়ে মিহি বৃষ্টিকণা
উচ্ছ্বাসে চরম দৃষ্টি । নতুনত্ব নিন্দিত রোমাঞ্চে
খুশীর কড়া নাড়া । ছিলই দ্বারে সুজন, আহ্বানে
অবসান সুদীর্ঘ প্রতীক্ষা । ব্যাভিচারী ভিত্তিভূমি !
বিধ্বস্ত ইলেকট্রিক পোস্টে ছিন্ন সংযোগ, পূর্বতন স্মৃতি
অস্তাচলে বিশ্রান্তি বিরহী স্বত্বা ।